ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বাড়ীর আঙ্গিনা থেকে মাটি উঠানোকে কেন্দ্র করে এক গৃহবধুকে মারপিট করে আহত করা হয়েছে। আহত গৃহবধু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। রোববার (২৫-এপিল) সকালে উপজেলার মনিগ্রাম দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬ টার সময় মনিগ্রাম দক্ষিণ পাড়া এলাকায় জনৈক সাবাজ আলীর ছেলে রায়হান আলী (৩২) প্রতিবেশী আফাজুল ইসলামের বাড়ীর পাশ থেকে মাটি উত্তোলন শুরু করে। এসময় আফাজুল ইসলাম বাড়িতে না থাকায় তার স্ত্রী শহিদা বেগম (৬০) মাটি উত্তোলন করতে বারণ করেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায় শহিদা বেগমকে নির্মম ভাবে মারপিট করে আহত করে রাহেনসহ তার লোকজন। পরে স্থানীয় লোকজন শহিদাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এ ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


