ধূমকেতু প্রতিবেদক : বেশ অনেকদিন ধরে রাজশাহীতে বয়ে যাচ্ছিলো তাপদাহ। প্রথম দিকে মাঝারি তাপদাহ থাকলেও ২০এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০দশমিক ৩ডিগ্রী হওয়ায় সেটি তীব্র তাপদাহে পরিণত হয়। এরপর থেকে তীব্রতাপদাহ বয়ে যায়। গত চারদিন আগে ২১এপ্রিল রাজশাহীতে বৃষ্টি হয়। কিন্তু বৃষ্টি হলেও কমেনি গরমের তীব্রতা। তীব্র গরমে হাসফাস করছে মানুষ। অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণিকূল। গরমের কারণে পশুপাখিরাও রাস্তার ধারে, কলের পারে, পুকুরের পানিতে নেমে থাকতে দেখা যায়।
বর্তমানে আগুন ঝরা আবহাওয়ায় হাঁসফাঁস করছে রাজশাহীর মানুষ। তীব্র গরম থেকে মুক্তির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ! কাঠফাঁটা গরমে সবার যেন নাভিশ্বাস উঠেছে। এতে অস্থির হয়ে পড়ছে জনজীবন, বিশেষ করে শহুরে মানুষরা দুর্বিষহ জীবনযাপন করছেন।
তীব্র তাপপ্রবাহে ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই। এই আবহাওয়ায় ঘরের চেয়ে বাহিরের অবস্থা আরও বেশি ভয়াবহ। প্রতিদিনই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা।
তাপমাত্রার দাপটে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও বাড়তি চাপ হিসেবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে হিটস্ট্রোক ও ডায়রিয়াসহ গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। কখন বৃষ্টি ঝরবে সেই অপেক্ষার প্রহর গুণছে তীব্র গরমে নাস্তানাবুদ হওয়া পদ্মাপাড়ের মানুষগুলো।
বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় মানুষ মাত্রাতিরিক্ত ঘামছেন। তাই বাইরে বের হলেই রোজাদাররাও কাহিল হয়ে পড়ছেন। গরমের কারণে বিভিন্ন স্থানে গাছের ছায়ায় অনেকেই বসে বিশ্রাম নিচ্ছেন। আর পথচারীরা ইফতারের আগে ভিড় করছেন ফুটপাতের শরবত এবং ডাব বিক্রেতাদের কাছে।
রাজশাহী আবহওয়া অফিস সূত্রে জানা গেছে রোববার রাজশাহীতে সবোর্চ্চ তাপমাত্রা ৩৮ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার রাজশাহীতে সবোর্চ্চ তাপমাত্রা ছিলো ৩৬.৬ডিগ্রী সেলসিয়াস।
এদিকে, গতকাল শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, সদ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। আরো এলাকায় ছড়িয়ে পড়তে পারে এই তাপপ্রবাহ। আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে বলা হয়েছে।
আবহাওয়ার সংক্ষিপ্তসার চিত্রে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে একমাত্র সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


