ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় সিটন আলী নামের এক গ্রাম পুলিশকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আড়ানী ঝিনা পূর্বপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। সিটন আলী আড়ানী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের কর্মরত একজন গ্রাম পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা পূর্বপাড়া গ্রামের ছবির আলীর ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ডের কর্মরত গ্রাম পুলিশ সিটন আলী বুধবার সকালে মাঠে তাদের জমি দেখতে যায়। এ সময় একই গ্রামের মিলন হোসেন তার কালাই রোপন করা জমিতে ছাগল চরাছিলেন।
এ সময় ফসলী জমিতে ছাগল চরানোর বিষয়ে জানতে চায়লে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মিলন হোসেনসহ আরো ৫/৬ জনের একটি দল গ্রাম পুলিশকে হাতুড়ি ও লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করে। এ ঘটনায় সিটন আলীর পিতা ছবির আলী বাদি হয়ে দুপুরে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে উক্ত ঘটনায় মিলন হোসেনকে মারপিট করা হয়েছে মর্মে সিটন আলীকে অভিযুক্ত করে থানায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। মিলন হোসেন ঝিনা পূর্বপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বর মাসুদ রানা বলেন, সিটন হোসেন ও মিলন হোসেন আপন চাচাত ভাই। পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। তবে উভয় পক্ষ আমাকে ডেকেছিল। সময় না পাওয়ার জন্য যাওয়া সম্ভব হয়নি।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় পৃথক দুটি অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সঠিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


