ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় করোনা সংকটের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
শুক্রবার সকালে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ অনুদান তুলে দেয়া হয়।
নির্বাহী কর্মকর্তা জানান, যে সমস্ত দুস্থ, অসহায়, অস্বচ্ছল, কর্মহীন ও বয়স্ক ব্যাক্তিরা তৃপল থ্রী (৩৩৩) নম্বরে সরকারি অনুদান চেয়ে ফোন দিয়েছিল তাদের একটি খসরা তালিকা তৈরী করে বাঘা উপজেলা প্রশাসন। আর এটি যাচাই-বাছাই করে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর, একটি বাড়ী একটি খামার ও আনছার ভিডিপির সদস্যরা। এরপর জেলা প্রশাসকের নিকট এই তালিকা প্রেরণ করা হলে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে-১ শ’ পরিবারের জন্য বরাদ্দ আসে-চাল,ডাল, লবন, ও সয়াবিন সম্বলিত প্যাকেট। এগুলো শুক্রবার সকালে বিতরণ করেছি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাংবাদিক লালন উদ্দিন ও সমাজের সুধীজন।
এদিকে ত্রাণ সামগ্রী পাওয়া প্রতিবন্ধী মঙ্গল সরকার ও খদেজান বেওয়া বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপি শাহরিয়ার আলম খুব ভালো মানুষ। এনারা সমাজের দুখি মানুষদের পাশে আছেন। আল্লাহ্ পাক যেনো এনাদের হেফাজত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় সমাজের অসহায়-দুস্থ ও কর্মহীন মানুষকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী আবারও মানবিক সহায়তা দিচ্ছে সরকার। এ দিক থেকে বাঘা উপজেলার ৭ টি ইউনিয়ন এবং ২ পৌর সভার মাধ্যমে ইতোমধ্যে জিয়ার প্রকল্পের আওতায় নগদ অর্থ প্রদান করা হয়েছে সাড়ে ১৭ লক্ষ টাকা। একই সাথে ভিজিএফ প্রকল্পের মাধ্যমে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা বিতরনের প্রস্তুতি চলছে।


