ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : অবশেষে অপসারণ করা হলো বাঘার আড়ানী পৌর বাজার সংলগ্ন বড়াল নদীতে ভাসমান শতাধিক মরা মুরগি। সোমবার রাতের আঁধারে কে বা কারা ফার্মে মরে যাওয়া এই মুরগি গুলো নদীতে ফেলে দেয়। এতে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ফলে সকাল থেকে পথচারী এবং স্থানীয় দোকানদাররা অতিষ্ঠ হয়ে উঠেন। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে আড়ানী পৌর মেয়র মুক্তার আলী স্থানীয় সুইপার্দের সহায়তায় মুরগি গুলোকে অপসারণ করেন।
তথ্য মতে জানা যায়, দেশের যে কোন রাস্তা কিংবা তার আশে পাশে মরে থাকা জীবজন্তুর মৃতদেহ তাৎক্ষনিকভাবে অপসারণের ব্যবস্থা করে থাকেন শহর কেন্দ্রীক হলে সিটি কর্পোরেশন, অতঃপর পৌর এলাকা হলে পৌর কর্তৃপক্ষ এবং ইউনিয়ন পরিষদ এলাকা হলে ইউপি চেয়ারম্যান। এসব জনপ্রতিনিধিরা শ্রমিক কিংবা ডোম দ্বারা এগুলো অপসারণ এর ব্যবস্থা করেন।
আড়ানী বাজারের ফার্মেসি ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, যেখানে মুরগি ফেলা হয়েছে, সেখান থেকে আমার ফার্মেসির দূরত্ব প্রায় ৪০ মিটার। আমি বুঝতে পারিনি, কে বা কারা কখন কি ভাবে এখানে মুরগি গুলো ফেলেছে। তবে সকালে দোকান খোলার পর থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছিল। এতে করে আশ-পাশের ব্যবসায়ী সহ পথচারিদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছিল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমিরুল ইসলাম বলেন, স্বল্প পানিতে পচন জাতীয় কোন কিছু ফেললে পানির বিশুদ্ধতা কমে যায়। পরিবেশ নষ্ট হয়। জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে। আড়ানীর বিষয়টি আমার জানা নেই। অবগত হলাম। আমি পৌর মেয়রকে ঘটনাটি অবগত করবো তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
সার্বিক বিষয়ে আড়ানী পৌর মেয়র মুক্তার আলী বলেন, আমি সকালে এলাকার বাইরে ছিলাম। দুপুরে পৌর সভায় ফিরে ঘটনাটি শোনা মাত্র স্থানীয় সুইপার্দের সহায়তায় মুরগি গুলো অপসারণ করে মাটিতে পুতে দিয়েছি।
এদিকে মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আড়ানী বাজার ব্যবসা সমিতির নের্তৃবৃন্দসহ বড়াল নদী এলাকায় অবস্থিত ব্যবসায়ী মহল। তারা বলেন, মুক্তার আলী আমাদের পৌর পিতা এবং সফল মেয়র। তিনি দীর্ঘ দিনের জনপ্রতিনিধি। আমরা চাই তাঁর ভালো কাজের মধ্য দিয়ে তিনি যেন পৌর বাসীর সেবা করতে পারেন।


