ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে প্রশাসনের অনুমতি না নিয়ে পুকুর সংস্কার ও মাটি পরিবহনে রাস্তা নষ্টের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, হোজা অনন্তকান্দীতে বিএনপি নেতা তুহিন ইসলাম স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে পুকুর সংস্কারের কাজ করছিলো এবং ওই পুকুর থেকে ট্রাক্টর (কাঁকড়া) গাড়ীর মাধ্যমে মাটি বের করে রাস্তা দিয়ে পরিবহন করে রাস্তা নষ্ট করছিলো।
২৬ মে ২০২১ এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ হোজা অনন্তকান্দী গ্রামে বিএনপি নেতা তুহিন ইসলামের পুকুরে অভিযান চালিয়ে এসকেভেটর গাড়ী চালকের দুই সহযোগী হোজা অনন্তকান্দী গ্রামের আজিবুর রহমান ও সুমন আলীকে আটক করে।
আটককৃত দুই সহযোগীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটককৃতদের ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন।
পরে জরিমানার অর্থ প্রদানের মাধ্যমে আটককৃতরা মুক্ত হন।


