ধূমকেতু প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ৪ জন পজিটিভ হয়ে ছিলেন। বাকি ৫ জন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত মধ্যে ৪ জন চাঁপাইনবাবগঞ্জের ৩ জন রাজশাহীর ১ জন নাটোর ও ১ জন কুষ্টিয়া জেলার বাসিন্দা।
এদিকে, বর্তমানে রাজশাহী মেডিকেলে ১৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১৩ জন আছেন আইসিইউতে।
এর আগে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের ৪ জন মারা যান। গত সোমবার রাজশাহী মেডিকেলে একদিনে সর্বাধিক ১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে গত এক সপ্তাহে রাজশাহী মেডিকেলে শনাক্ত ও উপসর্গ নিয়ে ৪৬ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
এদিকে, রাজশাহীতে আরও বেড়েছে করোনা শনাক্তের হার। আগের দিনের চেয়ে গতকাল বৃহস্পতিবার ১০ শতাংশ বেড়ে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫২.৫ শতাংশে।
শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার রাজশাহী জেলার ১১৪ জনের করোন শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রামেক হাসপাতালের পৃথক পিসিআর ল্যাবের জেলার ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
গত তিনদিনের করোনার নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, গত মঙ্গলবার রাজশাহী জেলার করোনা শনাক্তের হার ছিল ২১.৭ শতাংশ। সেটি বুধবার দ্বিগুন বেড়ে দাঁড়ায় ৪২ শতাংশে। আর বৃহস্পতিবার তা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২.৫ শতাংশে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগের আট জেলায় ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৯ জন, নওগাঁর ২৬ জন, নাটোরের ৪৪ জন, জয়পুরহাটের ১৮ জন, বগুড়ার ১৭ জন, সিরাগঞ্জের সাতজন ও পাবনার ১১ জন।


