ধূমকেতু প্রতিবেদক : নগরীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে এ বছর আয়োজন ছিল সীমিত। প্রতিবারের মতো এবার শোভাযাত্রা, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না। দিবসটি উপলক্ষে
শনিবার সকাল ৯টার দিকে রাজশাহী কলেজে বেলুন ও ফেস্টুন ওড়ানো হয়। এছাড়া সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মহানগর মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী জেলা পুলিশ, সেনাবাহিনী ও আরআরএফ অংশ নেয়। এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকসহ ঊর্ধ্বতন পুলিশ ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ মিশনে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরা হয়। পরে সবার জন্য দোয়া করা হয়।


