ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় নিবন্ধিত ১৫ জন মৎস্যজীবি পরিবারকে একটি করে ভ্যান এবং ১৫ জন মৎস্যজীবির স্ত্রীকে একটি করে শেলাই মেশিন উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।
সকাল ১১ টায় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনা ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত শেলাই মেশিন ও ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।

তিনি মৎস্য জীবিদের উদ্দেশ্যে বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এতে করে উপকৃত হচ্ছে সকল স্তরের মানুষ। সরকার আপনাদের ভাগ্য উন্নয়ন ও সাবলম্বী করার লক্ষে এই মুহূর্তে নিবন্ধিত বাঘার ১৩০৭ জন জেলের মধ্যে ৩০ পরিবারকে জেলা মৎস্য সম্পদ অধিদপ্তরের মাধ্যমে ২০২০/২১ অর্থ বছরে জন্য দুই ধরণের উপকরণ দিলেন। এটা পরবর্তিতে আরো বৃদ্দি করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির এবং আ’লীগ নেতা মাসুদ রানা তিলু-সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, যারা শেলাই মেশিন পেয়েছে তাদের মধ্যে ৬০ মিটার করে কাপড়, দুইটা করে থ্রীপিচ, একটি করে কেচি এবং বিভিন্ন রঙ্গের সুতা দেয়া হয়েছে।


