ধূমকেতু প্রতিবেদক, রাবি : শিক্ষামন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের দেওয়া অস্থায়ী ভিত্তিক নিয়োগ দেড় মাসের অধিক সময় ধরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যহত করছে। আন্দোলনকারীদের সামনে পড়ে শিক্ষকদের নাজেহাল হতে হয়েছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংক্ষা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সমস্যার সমাধান কল্পে দ্রুত পদক্ষেপ চান তারা।
এসব বিষয় উল্লেখ রোববার একটি বিবৃতি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অবগতির জন্য পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাইফুল ইসলাম ফারুকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম খান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমহামারির প্রভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাসমূহ এ প্রতিষ্ঠানটির মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন করছে এবং ক্যাম্পাসে কর্মরত ও বসবাসরতদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ও বহুল আলোচিত, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষিত এডহক নিয়োগপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম গত দেড় মাসেরও অধিক সময় ধরে ব্যাহত করছে। এসব পদে নিয়োগপ্রাপ্ত অথচ যোগদানকৃত নয় এমন ব্যক্তিদের কিছু সংখ্যক গত কয়েকদিন ধরে প্রশাসন ভবন অবরোধসহ ক্যাম্পাসে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রেখেছে।
পদায়নের দাবিতে তারা দুই দিন প্রশাসন ভবন অবরুদ্ধ করেছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাউকে কাউকে আন্দোলনকারীদের সামনে পড়ে নাজেহাল হতে হয়েছে। এই অবস্থায় ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
তারা আরও বলেন, ঘটনাপ্রবাহ করোনা অতিমারী নিয়ন্ত্রণে চলমান লকডাউনকেও বিঘ্নিত করছে যা করোনার ঝুঁকি বৃদ্ধি করছে। শিক্ষক নেতাদের দাবি দ্রুত এই উদ্বেগজনক পরিস্থিতি উত্তরণে পদক্ষেপ নেওয়া হোক। এদিকে উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহাকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। এরপর প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখনো নিয়মিত উপাচার্য পায় নি সুবৃহৎ এই বিশ্ববিদ্যালয়। এতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে বিপত্তি তৈরি হচ্ছে বলে মনে করেন শিক্ষক নেতারা। তাই দ্রুতই নিয়মিত উপাচার্য নিয়োগ দিয়ে অচলবস্থার নিরসনের উদ্যোগ নেওয়ার দাবি জানান।


