ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই রোগী রাজশাহী জেলার বাসিন্দা। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪০ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৪২ জন। বর্তমানে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নাটোরের তিনজন, নওগাঁর তিনজন, পাবনার পাঁচজন এবং কুষ্টিয়ার তিনজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি চারজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন চারজন।
এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৫৩ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে একটি নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে একজনের নমুনায় করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ২ দশমিক ৪৯ শতাংশ।


