ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যে ইউরোপের বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে গ্যাস সরবরাহ। রাশিয়ার গ্যাস দিয়ে ইউরোপের দেশগুলোর ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘরে জ্বালানি চাহিদা পূরণ হয়।
ইউক্রেন সংকটকে সামনে রেখে ইউরোপের সঙ্গে দূরত্ব বাড়ছে রাশিয়ার। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন হন্যে হয়ে ইউরোপে জ্বালানি সরবরাহের বিকল্প খুঁজছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়।
বর্তমানে ইউরোপে শীতকাল চলছে। এ সময়ে বিকল্প জ্বালানির উৎস খুঁজে পাওয়া অনেকটাই কঠিন। হয়তো এ কারণেই জ্বালানির উৎস নিয়ে তাদের এতো উদ্বেগ।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ারর্সের পূর্ব ইউরোপ বিশেষজ্ঞ ইয়ানিস ক্লুগে বলেন, ‘আসলেই এর কোনো দ্রুত কিংবা সহজ বিকল্প নেই।’
হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, এ সপ্তাহে তারা বিভিন্ন দেশ ও কোম্পানির সঙ্গে আলোচনা করেছেন, যাতে জ্বালানি উৎপাদন বাড়ানো হয়। তারা প্রাকৃতিক সম্পদের বিকল্প উৎসও চিহ্নিত করার চেষ্টা করছেন, যা ইউরোপে পাঠানো সম্ভব।
রাশিয়ার গ্যাস ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে পৌঁছেছে। রাশিয়া ওই পাইপলাইন বন্ধের মত পদক্ষেপ নিলে তা জ্বালানির বাজারে বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে।
নতুন পাইপলাইন কিংবা তরলীকৃত গ্যাস আমদানির জন্য স্থাপনা নির্মাণে কয়েক বছর সময় লাগবে। আর বিকল্প উৎস হিসেবে যদি বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি (ইউরোপে) আনতে হয়, সেটা কাতারের মতো বড় গ্যাস রপ্তানিকারকদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।
মহামারীর এই সময়ে বৈশ্বিক পরিবহন নেটওয়ার্ক ও বিশ্ব বাজার যখন এক ধরনের স্থবিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, এ অবস্থায় কাতারেরও খুব বেশি কিছু করার সুযোগ সম্ভবত নেই।


