ধূমকেতু নিউজ ডেস্ক : নিজেদের জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীত সংস্কারের বিষয়ে সম্মত হয়েছে সৌদি আরবের মজলিশে শূরা। গত সোমবার শূরার নিরাপত্তা ও সামরিক বিষয়ক কমিটির পর্যালোচনার পর এই সংস্কারের পক্ষে সম্মতি দেয়া হয়েছে বলে জানায় সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। খবর ডনের।
জানা গেছে, জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীত সংস্কারের প্রস্তাবটি ১৯৭৩ সালে রাজকীয় এক আদেশের অনুসারে গ্রহণ করা হয়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলছে, শূরার নিরাপত্তা ও সামরিক বিষয়ক কমিটির পর্যালোচনার পর এই সংস্কারের পক্ষে সম্মতি দেয়া হয়েছে। জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীত সংস্কারের এই প্রস্তাব বাস্তবায়ন এখন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।
তবে জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীতের সংস্কার হলে তাতে কী পরিবর্তন করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবেই এ পরিবর্তন করা হবে। এরই আওতায় গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন নিয়মের উন্নয়ন ও শরীয়া সমর্থিত আইনগুলোকে নবায়ন ও সংস্কার করছে সৌদি সরকার। এছাড়া দেশটির অনেক স্থানীয় পত্রিকার দাবি, কলেমাখচিত পতাকার অবহেলা বা অনিচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে যাওয়া আটকাতেই এই সিদ্ধান্ত নেয়া হতে পারে।


