ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের সমর্থনে একটি ভিডিও পোস্ট করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই ভিডিওতে তিনি বলেছেন, পুতিন কখনো ইউক্রেন জয় করতে পারবে না, ইউক্রেনের জনগণের ইচ্ছাশক্তি ভাঙতে পারবে না।
ইউক্রেন পুনরায় জেগে উঠবে মন্তব্য করে বরিস জনসন বলেন, ইউক্রেন পুনরায় স্বাধীন এবং সার্বভৌম দেশের কাতারে জায়গা করে নেবে।
ওই ভিডিও ক্লিপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যে মুহূর্তে রাশিয়ার আগ্রাসন শুরু হয়, রুশ সেনা এবং ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে গর্জে ওঠে, ইউক্রেনীয়রা অদম্য সাহস এবং দৃঢ়তার সঙ্গে মাতৃভূমি রক্ষা করে।
ইউক্রেনীয়দের দেশপ্রেম ও নির্ভিকতায় যুক্তরাজ্য মুগ্ধ মন্তব্য করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের কাজ হলো তাদেরকে সর্বোচ্চ সমর্থন করা। বন্ধু ইউক্রেনকে সমর্থন করতে যুক্তরাজ্য কখনো সঙ্কোচ করবে না বলেও মন্তব্য করেন তিনি।


