ধূমকেতু নিউজ ডেস্ক : তুষারপাতের জন্য নেপালে ভেঙে পড়া বিমানের খোঁজ মাঝপথেই বন্ধ করতে হয়েছিল রোববার। সোমবার সকালে তল্লাশি অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত বেসরকারি সংস্থা পরিচালিত টুইন-ইঞ্জিন বিমানটির। এর ২২ জন যাত্রীর মধ্যে চারজন ভারতীয় ও তিনজন জাপানের নাগরিক ছিলেন।
সোমবার নেপাল সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই নেপাল সেনাসূত্র উদ্ধৃত করে জানিয়েছে বিমানটির খোঁজ পাওয়া গেছে নেপালের মুস্তাঙ্গ এলাকাতেই। যেমনটা রোববারই অনুমান করা হয়েছিল। কিন্তু রোববার মুস্তাঙ্গে উদ্ধারকাজ শুরু হওয়ার কিছু পরই বন্ধ করে দিতে হয়, আচমকা আবহাওয়ার অবনতি হওয়ায় এবং তুষারপাত শুরু হওয়ায় তল্লাশির জন্য পাঠানো হেলিকপ্টার ফিরিয়ে নিতে বাধ্য হয় নেপাল প্রশাসন।
সোমবার সকাল হতেই আবার উদ্ধার কাজে নামেন নেপালের সেনা সদস্যরা। তারা জানান, বিমানের ধ্বংসাবশেষটি মুস্তাঙ্গের থাসাং টু-এর সানসোয়ারে দেখা গেছে। ইতোমধ্যে উদ্ধার কাজ শুরুও হয়েছে সেখানে।
রোববার সকাল ১০টা নাগাদ পোখরা থেকে জমসোম যাওয়ার পথে বেসরকারি সংস্থা পরিচালিত একটি বিমান ২২ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে শেষবার বিমানটিকে দেখা গিয়েছিল নেপালের মুস্তাঙ্গের জমসোমের আকাশেই। তবে সেখানে অবতরণ করার আগেই বিমানটিকে ধবলগিরি পাহাড়ের দিকে ঘুরে যায়। তার পর আর বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি।


