ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর রাণীনগরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কাজী গোলাম কবির (৬০) এর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের রেলগেট এলাকায় তার নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কাজী গোলাম কবির উপজেলা সদরের পূর্ব বালুভরা রেলগেট এলাকার মৃত কাজী কাশেম আলীর ছেলে। তিনি রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার কাজী গোলম কবিরের বাসায় কাজ করছিলেন শ্রমিকরা। দুপুর ১টার দিকে সে কাজের জন্য তিনতলা ভবনের ছাদে গেলে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়।
এসময় স্থানীয় ও পরিবারের লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।


