ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : দেশে আমদানি করা ফলের মুল্য এখন চড়া।দেশের মানুষকে স্বল্প দামে বিদেশি ফল খাওয়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষি উদ্যোক্তা জিন্নাতুল আজম।ভারত সীমান্তবর্তী বাঙ্গাবাড়ী ইউনিয়নের ঘুঘিয়া আনারপুর এলাকায় ২০ বিঘা জমিতে আমদানি করা ফলের বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন এ কৃষি উদ্যোক্তা।প্রায় ১ কোটি টাকা খরচ করে তিনি এ ফলের বাগান গড়ে তুলেছেন।তার বাগানে রয়েছে আফ্রিকান কমলা, বিদেশী মাল্টা,কেনু,আঙ্গুর,ভারতীয় উন্নত জাতের পেয়ারা,বারোমাসি বিভিন্ন জাতের আম। গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকায় থোকায় সবুজ ও পাকা কমলা। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। সারি সারি গাছে কমলার এমন সমারোহ দেখতে প্রতিদিনই আগ্রহী মানুষ ভিড় করছেন তার বাগানে। বিদেশি জাতের এই কমলা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। তাঁর এই উদ্যোগে তৈরি হয়েছে কর্মসংস্থান, উন্মোচিত হয়েছে গ্রামীণ কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনা।
তিনি জানান, একসময় শখের বসে শুরু করেছিলেন কমলা চাষ। ধীরে ধীরে সেই শখই রূপ নিয়েছে সম্ভাবনাময় কৃষি উদ্যোগে। পরিকল্পনা, পরিশ্রম ও নিয়মিত পরিচর্যায় গড়ে তুলেছেন ২০ বিঘা জমির বিশাল ফলের বাগান। যেখানে একই সঙ্গে চাষ হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল।
আফ্রিকান কমলার পাশাপাশি বাগানে রয়েছে ১২ মাসি বিভিন্ন জাতের আম, পেয়ারা ও আঙুর। সারা বছর ফল উৎপাদনের লক্ষ্য নিয়ে বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়েছেন তিনি। একদিকে কমলার ফলন, অন্যদিকে অন্যান্য ফলের সমারোহ—সব মিলিয়ে বাগানটি হয়ে উঠেছে ব্যতিক্রমী এক কৃষি খামার। গাছের পরিচর্যা, সার প্রয়োগ, সেচ ও রোগবালাই নিয়ন্ত্রণে নিয়মিত সময় দিতে হয় তাঁকে।
শুধু ফল উৎপাদনেই সীমাবদ্ধ নেই জিন্নাতুল আজমের উদ্যোগ। বাগানে উৎপাদিত আফ্রিকান কমলাসহ বিভিন্ন জাতের ফলের চারাও বিক্রি করছেন তিনি। তাঁর বাগান থেকে চারা সংগ্রহ করছেন বিভিন্ন এলাকার কৃষক ও বাগানপ্রেমীরা। অনেকেই বাগান পরিদর্শনে এসে ফল চাষের পদ্ধতি সম্পর্কে জানতে চাইছেন। ফলে তাঁর এই উদ্যোগ অন্যদেরও ফল চাষে আগ্রহী করে তুলছে।
জিন্নাতুল আজমের মতে, কৃষিতে নতুন কিছু করার আগ্রহ থেকেই এ উদ্যোগের শুরু। প্রচলিত ফসলের বাইরে বিদেশি জাতের ফল চাষের সম্ভাবনা কাজে লাগাতে চেয়েছেন তিনি। সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে দেশের মাটিতেও বিদেশি ফল উৎপাদন সম্ভব—এমন বিশ্বাস থেকেই গড়ে তুলেছেন এই বাগান।
এই বাগান ঘিরে তৈরি হয়েছে স্থানীয় মানুষের কর্মসংস্থানও। বর্তমানে নিয়মিত কাজ করছেন ১০ জন শ্রমিক। তাঁরা গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার, সেচ, সার প্রয়োগ ও ফল সংগ্রহসহ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। এতে কয়েকটি পরিবারের জীবিকার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ফলের চারা বিক্রির মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখছে বাগানটি।
উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসাইন বলেন, দেশের মাটিতে বিদেশি জাতের ফল চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে সফলতার জন্য উপযুক্ত জাত নির্বাচন, মাটির উপযোগিতা যাচাই, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং সঠিক পরিচর্যা জরুরি। এ ধরনের উদ্যোগ সম্প্রসারণ করা গেলে কৃষকরা প্রচলিত ফসলের পাশাপাশি বিকল্প ফল চাষে আগ্রহী হবেন। নতুন উদ্যোক্তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।


