ধূমকেতু নিউজ ডেস্ক : এয়ার শো চলাকালে দুটি বিমান পরস্পরের সঙ্গে সজোরে ধাক্কা খেল মাঝ আকাশে। গুঁড়িয়ে গেল নিমেষেই। দুর্ঘটনার মুহূর্তের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে একটি এয়ার শোর আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং বি-১৭ বোমারু বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি ছিল বেল পি-৬৩ কিংকোবরা। খবর আনাদোলুর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, এয়ার শো চলাকালে আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি বিমান।
নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সেই বিমান ধাক্কা খায় বোমারু বিমানের সঙ্গে। সঙ্গে সঙ্গে দুটি বিমানই ভেঙে আকাশ থেকে নিচে পড়ে যায়। মাঝ আকাশেই দেখা যায় ভাঙাচোরা বিমানের নানা অংশ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে। দেখা যাচ্ছে আগুনের ফুলকিও।
টেক্সাস বিমানবন্দরে এ এয়ার শো দেখতে অনেকে হাজির হয়েছিলেন। তাদের মধ্যেই কারও ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধরা পড়ে। নেটমাধ্যমে যা রাতারাতি ভাইরাল।
দুর্ঘটনাকবলিত বিমানগুলোর চালকরা জীবিত আছেন কিনা, তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।
কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ডালাসের মেয়র এরিক জনসন বলেছেন, আপনারা অনেকেই দেখেছেন— আমাদের শহরে এয়ার শো চলাকালে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে। এখনো অনেক কিছুই আমাদের অজানা। জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড এবং ডালাস পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গেছে।
বি-১৭ বোমারু বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে জার্মানিকে পর্যুদস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার পর থেকে এ ধরনের বিমান প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছে।
পি-৬৩ কিংকোবরা জাতীয় বিমানও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম তৈরি করা হয়েছিল। এগুলি ব্যবহার করত সোভিয়েত রাশিয়া।


