ধূমকেতু নিউজ ডেস্ক : কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত দীর্ঘ ‘ভারত জোড়ো যাত্রা’ করছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। সেপ্টেম্বর রাহুল গান্ধী এই যাত্রা শুরু করেছিলেন। যা শনিবার দেশটির রাজধানী দিল্লিতে পৌঁছেছে। আর এখানে এসেই রাহুল জানিয়ে দিলেন বিজেপি ও আরএসএসের তৈরি করা ‘ঘৃণার বাজারে ভালবাসার দোকান’ খুলেছেন তিনি।
বিজেপি বনাম বিরোধী দলের এই সংঘাতের জেরে দিল্লিতে আদৌই ভারত জোড়ো যাত্রা প্রবেশ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে যাবতীয় জল্পনা উড়িয়েই আজ, শনিবার হরিয়ানা দিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশ করল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা।
কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী, দলের সাধারণ সচিব প্রিয়াঙ্কা গান্ধী, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা এদিন যাত্রায় যোগ দিয়েছেন। এছাড়াও কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা, কুমারী সেলজা ও রণদীপ সূরজেওয়ালা। শোনা যাচ্ছে, শনিবার ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে পারেন দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান।
শনিবার রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা দিল্লি সীমান্তে বদরপুরে যাত্রা এসে পৌঁছতেই দলের দিল্লি শাখার প্রধান অনিল চৌধুরী অসংখ্য কংগ্রেস কর্মীর সঙ্গে সেই যাত্রায় যোগ দেন। পরে সকলের উদ্দেশে বার্তা দিতে গিয়ে রাহুল বলেন, বিজেপি ও আরএসএসের নীতিই হল কেবল ঘৃণা ও ভয় ছড়ানো। আমরা এটা হতে দেব না। ঘৃণার বাজারেই আমি ভালবাসার দোকান খুলেছি।
উল্লেখ্য, এই কথা হরিয়ানাতেও বলতে দেখা যায় এই কংগ্রেস নেতাকে। এদিকে হরিয়ানা ছাড়ার আগে রাহুলের হাতে একটি শিবের মূর্তি তুলে দেন বোরখা পরিহিত এক মুসলিম মহিলা। ছবিটি শেয়ার করা হয়েছে কংগ্রেসের টুইটার হ্যান্ডলে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঈশ্বর আল্লা তেরো নাম।’
এদিকে, ভারত জোড়ো যাত্রা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি। রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রায় মানা হচ্ছে না কোভিড বিধি, এমনটাই অভিযোগ। পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
রাহুল জানিয়েছেন, বিজেপি যেন তেন প্রকারেণ এই যাত্রাকে রুখতে চাইছে। আর তাই এই যাত্রা বাতিল করতে চাইছে চীনে করোনা বাড়ার কথা বলে। তার দাবি, তারা ভারতের সত্যকে ভয় পাচ্ছে।
প্রসঙ্গত, রাজধানীতে যাত্রা সম্পূর্ণ করার পর আটদিনের বিরতি নেয়া হবে। এরপর যোগীরাজ্যে প্রবেশ করবে ভারত জোড়ো যাত্রা। তারপর হরিয়ানা হয়ে পাঞ্জাব পেরিয়ে জম্মু ও কাশ্মীরে যাবেন কংগ্রেস নেতারা।
চলতি বছর ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন রাহুল গান্ধী। দেশের ১২ টি রাজ্য ঘুরে কন্য়াকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩,৭৫০ কিলোমিটার পদযাত্রা করা হবে কংগ্রেসের তরফে। কংগ্রেসের বক্তব্য, বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ভারতকে একত্রিত করতে এই যাত্রার পরিকল্পনা করা হয়েছে। শুরু থেকেই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন রাহুল।
যাত্রা চলাকালীন রাহুল কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেননি। এমনকী গুজরাট ও হিমাচল বিধানসভা নির্বাচনের প্রচারেও তিনি যাননি। আসলে রাহুল ‘ভারত জোড়ো’ যাত্রাকেই আপাতত নিজের ধ্যান জ্ঞান করে ফেলেছেন। তাই এবার সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি।
সূত্র: এনডিটিভি


