ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : হাটে ষাঁড় বিক্রি করে যান হাটে ষাঁড় বিক্রি না হওয়ায় ফেরত নিয়ে আসছিলেন বাড়িতে। কিন্তু পথিমধ্যেই সেই ষাঁড়ের শিং এর গুঁতোয় প্রাণ হারালেন মশিয়ার রহমান (৬০) নামের এক গরু খামারী।
ঘটনাটি শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পার্শ্ববর্তী আমবাড়ী পশুহাটে নছিমনে ষাঁড়টি তোলার এসময় ঘটেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মশিয়ার রহমান ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর গ্রামের বাসিন্দা। পেশায় খামারি ও গরু ছাগলের প্রজনন করাতেন তিনি। তিনি খামারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ষাঁড় ও গাভী পালন করতেন। ঘাতক ষাঁড়টি দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছিল বলে তা বিক্রয় করতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে আমিসহ মশিয়ার ঐ ষাঁড়টি নিয়ে আমবাড়ী পশুর হাটে যাই। দাম কম হওয়ায় বিকেলে গরু ফেরত নিয়ে আসার সময় ক্ষিপ্ত ষাঁড় পেছন থেকে মশিয়ার রহমানকে আঘাত করে। এতে মশিয়ার রহমানের পায়ুপথের কাছেই পায়ের উরুতে ষাঁড়টির শিং গেঁথে যায়। এসময় তার প্রচুর রক্তপাত শুরু হয়। তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
নিহতের স্ত্রী শেফালি বেগম জানান, এর আগেও ঐ ষাঁড়টি দু’বার ক্ষতি করার চেষ্টা করে। অনাকাঙ্খিত ক্ষতি এড়াতে ষাঁড়টি বিক্রি করতে চেয়েছিল। সুস্থ মানুষ সকাল বেলা ষাঁড় নিয়ে হাটে গেল আর সন্ধ্যা বেলা লাশ হয়ে বাড়ি ফিরলো।
নিহতের ছেলে মকছেদ আলী জানায়, সন্ধ্যায় লাশ বাসায় আনা হয়েছে। লাশ দাফনের প্রস্তুতি চলছে।


