ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বাবার উপর অভিমানে বিষপানে কাওছার আলী সরদার (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ময়না তদন্ত শেষে বাদ আসর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। নিহত কাওছার আলী সরদার উপজেলার উত্তরগ্রাম ইউপির ভালাইন নতুন পাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ এপ্রিল বিকেলে বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিষ পান করে অসুস্থ হয় কাওছার। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েকদিনের চিকিৎসায় কোন উন্নতি না হওয়ায় তার স্বজনরা চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তাররা অপারগতস প্রকাশ করলে বুধবার বিকেলে বাড়িতে নিয়ে আসার সময় পথিমধ্যে কাওছারের মৃত্যু হয়।
এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।#


