ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ মে) ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউস জাদুঘরের বাইরে তাদের গুলি করে হত্যা করা হয়।
মার্কিন কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম বলেছেন, জাদুঘরের কাছে এক হামলায় কর্মীদের ‘অর্থহীনভাবে (সেন্সলেসলি) হত্যা করা হয়েছে।
নায়েম বলেন, ‘আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং আরও তথ্য শেয়ার করার জন্য কাজ করছি। ‘
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব। ‘
জাদুঘরটিতে অনুষ্ঠানের আয়োজন করা আমেরিকান ইহুদি কমিটি জানিয়েছে, অনুষ্ঠানস্থলের বাইরে একটি অকথ্য সহিংসতা ঘটেছে বলে তারা বিধ্বস্ত। ‘
সংস্থাটি আরও জানিয়েছে, ‘এই মুহূর্তে, ঠিক কী ঘটেছে সে সম্পর্কে পুলিশের কাছ থেকে আরও তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি। এখন আমাদের মনোযোগ ও মন ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং ঘটনার বিস্তারিত জানতে কাজ করছেন।


