ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবে পবিত্র হজব্রত পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন।
আজ সোমবার (৭ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানানো হয়।
তিনটি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স এখন পর্যন্ত ১৯০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে।
বিমান বাংলাদেশ ৯৩টি ফিরতি ফ্লাইটে ৩২ হাজার ৩৬২ জন, সৌদি এয়ারলাইন্স ৭৪টি ফ্লাইটে ২৬ হাজার ৬৮৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৭৭৬ জন হাজিকে দেশে এনেছেন।
এ বছর ৮৭ হাজারের বেশি বাংলাদেশি হজ পালনে সৌদি আরব যান। হজ পালনে গিয়ে ৪২ জন হাজি মারা গেছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী।
হজ অফিসের বুলেটিনে বলা হয়, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।
গত ২৯ এপ্রিল শুরু হয়েছিল হজযাত্রা। শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। গত ৫ জুন শেষ হয় হজ। এরপর ১০ জুন থেকে চলছে ফিরতি হজ ফ্লাইট, যা আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।


