ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মজিবর রহমান নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরের ঘোষ পাড়া মোড়ে। জানা গেছে, ঘোষপাড়ার বাসিন্দা ও মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমান সাইকেলে চড়ে বাজার থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঘোষ পাড়া মোড়ে পৌঁছলে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মজিবর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: রাশেদুল ইসলাম রাশেদের পিতা। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#


