ধূমকেতু নিউজ ডেস্ক : বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন না।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের আন্দোলন নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বাসা-বাড়িতে আমরা যে গ্যাস দেই, সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমার ওপর চাপ আছে। কিন্তু আমি সেটা করি না। কারণ যদি করি, তাহলে আমি নিজেই আমার বাসায় ঢুকতে পারব না।’ তবে কে বা কারা এ চাপ দিচ্ছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।
সাংবাদিকরা জানতে চান, বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে কি না? জবাবে ফাওজুল কবির বলেন, ‘না, নতুন সংযোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং পুরোনো সংযোগও বন্ধ করার চাপ রয়েছে।’ তবে এখনই গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত হচ্ছে না বলে আশ্বস্ত করেন তিনি।
অনেক এলএনজি আমদানি সত্ত্বেও সামনে গ্যাসের দাম বাড়বে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘দাম এখন বাড়বে না। আগে তো প্রতি দুই-এক মাস অন্তর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ত। আমরা এক বছর কয়েক মাস হয়ে গেল, কিন্তু এখনও বিদ্যুতের দামও বাড়াইনি, গ্যাসের দামও বাড়াইনি।’
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন দাম সমন্বয়ের বিষয়টি নতুনভাবে বিবেচনা করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।
সচিবালয়ের ওই বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


