ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলা একাডেমি নির্বাচনের আগে একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তা স্থগিত করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে। একইসাথে প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেন, ‘বইমেলা নির্বাচনের আগে করা সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তী তারিখ চূড়ান্ত করে জানাব।’
গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃংখলা সংক্রান্ত এক সভায় ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’ বলে সিদ্ধান্ত হয়।
ওই সিদ্ধান্ত ‘প্রস্তাব আকারে’ সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলা একাডেমিকে জানানো হয়। সেই প্রস্তাবের প্রেক্ষাপটে মেলার পূর্বনির্ধারিত তারিখ ‘স্থগিত’ ঘোষণা করল বাংলা একাডেমি।
উল্লেখ্য, এর আগে গত ১৮ সেপ্টেম্বর এক সভায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বইমেলার তারিখ নির্ধারণ করেছিল বইমেলা।


