ধূমকেতু নিউজ ডেস্ক : খাগড়াছড়িতে মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে নতুন মোড় এসেছে। চিকিৎসকদের করা মেডিকেল পরীক্ষায় কিশোরীর দেহে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. জয়া চাকমার নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল টিম পরীক্ষাটি সম্পন্ন করে। টিমে ছিলেন মেডিকেল অফিসার মোশারফ হোসেন ও নাহিদা আক্তার। তারা জানান, কিশোরীর শারীরিক পরীক্ষার ১০টি সূচকই স্বাভাবিক পাওয়া গেছে। ফলে মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি।
ডা. জয়া চাকমা বলেন, “আমরা সব ধরনের পরীক্ষানিরীক্ষা করেছি এবং মেডিকেল রিপোর্ট জমা দিয়েছি। কিন্তু আসলে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি।”
এর আগে গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। এ ঘটনায় শয়ন শীল নামে এক তরুণকে আটক করে পুলিশ রিমান্ডে নেয়। তবে অন্য দুই আসামি এখনও ধরা পড়েনি।
ঘটনার পর আসামিদের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে। সহিংসতায় তিনজনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মেডিকেল রির্পোট তদন্ত প্রক্রিয়ার অংশ হলেও পুরো ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।


