ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, স্বৈরশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ যেদিকে গেছে, জাতীয় পার্টি একই পথে হেঁটেছে। এখন তারা যদি সাধু সেজে রাজনীতি করতে চায়, দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। এমনকি জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করারও দাবি জানাচ্ছি।”
দলের নির্বাচনী প্রতীক সম্পর্কে তিনি জানান, ‘এনসিপির প্রতীক হলে তা শাপলা হবে। আমরা শাপলা প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচন কমিশন যদি স্বেচ্ছাচারিতা চালায়, আমরা প্রয়োজন অনুযায়ী আইনগত ও রাজনৈতিক লড়াই করব।’
পিআর ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা মনে করি, পিআর উচ্চ কক্ষে গ্রহণযোগ্য। তবে বর্তমান পরিস্থিতিতে নিম্ন কক্ষে পিআর চালু করার মতো অবস্থা নেই।”
এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


