অধ্যাপক ডা. মো. দায়েম উদ্দিন : প্রোস্টেট ক্যান্সার পুরুষদের একটি অন্যতম প্রধান ক্যান্সার ।ফুস্ফুস ক্যান্সার এবং হেড এন্ড নেক ক্যান্সার পরেই প্রোস্টেট ক্যান্সারের স্থান। এই ক্যান্সারটি সাধারণত বয়স্ক পুরুষদের হয়ে থাকে।৬০ বছরের বেশি বয়েসের পুরুষদের সাধারণত এই ক্যান্সার হয়। তবে এর চেয়ে কম বয়েসেও ক্যান্সারটি হতে পারে। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা সময়মত করলে সুস্ততার হার অনেক বেশী। এমনকি ৪র্থ পর্যায়ের রোগীকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব।প্রোস্টেট ক্যান্সার পুরুষদের প্রোস্টেট গ্রন্থিতে হওয়া এক ধরনের ক্যান্সার। প্রোস্টেট একটি ছোট গ্রন্থি, যা মূত্রাশয়ের নিচে ও রেক্টামের সামনে থাকে । প্রোস্টেট গ্রন্থির প্রধান কাজ হল বীর্যকে সতেজ রাখার জন্য এক ধরনের তরল পদার্থ তৈরী করা এবং বীর্যপাতে সহয়তা করে । এই তরল পদার্থ বীর্যকে সুরক্ষা করে। প্রোস্টেট ক্যান্সার একটি নীরব ঘাতক । কারণ দীর্ঘ সময় ধরে এই রোগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে যা সহজে বুঝা যায় না। যখন বুঝা যায় তখন রোগ অনেক স্থানে ছড়িয়ে যায় বা আক্রান্ত হয়ে থাকে।

প্রোস্টেট ক্যান্সারের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও কিছু প্রধান ঝুঁকিপূর্ণ কারণ ও সম্ভাব্য প্রভাবক আছে যার ফলে এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে ।বয়স বাড়ার সঙ্গে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সাধারণত ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে এটি বেশি দেখা যায়।তবে এর কম বয়সে ও এই ক্যান্সার হতে পারে।যদি পরিবারের কোনো সদস্য, বিশেষ করে বাবা,ভাই বা চাচা প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন, তবে ঝুঁকি বেড়ে যায়। কিছু জিনগত পরিবর্তনও (BRCA1, BRCA2 মিউটেশন) ক্যান্সারের কারণ হতে পারে।অতিরিক্ত টেস্টোস্টেরন ও ডিএইচটি(Dihydrotestosterone – DHT হরমোন প্রোস্টেট কোষের বৃদ্ধি বাড়িয়ে দিতে পারে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। উচ্চ চর্বিযুক্ত খাবার, রেড মিট ও দুগ্ধজাত পণ্য বেশি খেলে ঝুঁকি বাড়তে পারে।ফলমূল, শাকসবজি ও আঁশযুক্ত খাবার কম খেলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।অলস জীবনযাপন (ব্যায়ামের অভাব) ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।স্থুল পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার হয়ার সম্ভাবনা বেশি থাকে।প্রোস্টেটাইটিস (Prostatitis) বা দীর্ঘস্থায়ী প্রদাহ থাকলে ক্যান্সারের ঝুঁকি কিছুটা বাড়তে পারে।কিছু বিশেষ ধরনের কেমিক্যাল, কীটনাশক বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে থাকলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।
প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে কোনো সুস্পষ্ট লক্ষণ নাও থাকতে পারে, তবে ক্যান্সার বৃদ্ধির সাথে সাথে কিছু সাধারণ লক্ষণ দেখা যেতে পারে, তা হল-প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা অনুভব করা,ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন অনুভব করা, বিশেষ করে রাতে,প্রস্রাবের প্রবাহ বাড়ে অনেক সময় প্রস্রাবের প্রবাহ দুর্বল বা ধীর হয়ে যায়, প্রস্রাব শুরু বা বন্ধ করতে সমস্যা হওয়া এবং মূত্রের সঙ্গে রক্ত পড়া । এছাড়া বীর্যের সঙ্গে রক্ত আসা,ইরেক্টাইল ডিসফাংশন বা উত্তেজনাজনিত সমস্যা,তলপেট, পিঠ বা উরুর অংশে ব্যথা অনুভব করা,শরীরের ওজন অস্বাভাবিকভাবে কমে যাওয়া এবং হাড়ের ব্যথা হয় যদি ক্যান্সার হাড়ে ছড়িয়ে যায় )প্রোস্টেট ক্যান্সার এবং BPH(Benign Hypertrophy of prostate) এর লক্ষণগুলো একই রকম।এই দুটোর মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য PSA এবং DRE পরীক্ষা করা হয়।এতে ক্যান্সার সন্ধেহ হলে transurethral Ultrasonography এবং MP MRI মাধ্যমে ক্যান্সার নিশ্চিত করা হয়।
প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের (ডায়াগনস্টিক) জন্য বেশ কয়েকটি পরীক্ষা ও পদ্ধতি ব্যবহার করা হয়। সেগুলো-ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন (DRE) করে পরীক্ষা করা যা হল হাতের আঙুল ব্যবহার করে মলদ্বারের মাধ্যমে প্রোস্টেট গ্ল্যান্ড পরীক্ষা করা।রক্তের মাধ্যমে PSA নামক প্রোটিনের মাত্রা পরিমাপ করা,PSA বেশি হলে প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে, তবে প্রোস্টেট ইনফেকশন বা বৃদ্ধি থেকেও এটি হতে পারে।একটি ক্ষুদ্র আল্ট্রাসাউন্ড প্রোব মলদ্বারে প্রবেশ করিয়ে প্রোস্টেট গ্ল্যান্ডের ছবি তোলা হয় তা হল ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড (TRUS)। উন্নত মানের চিত্রায়ণের জন্য MRI ব্যবহার করা হয়, যা ক্যান্সারের সঠিক অবস্থান ও বিস্তৃতি নির্ধারণে সহায়তা করে।যদি PSA বা DRE পরীক্ষায় সন্দেহজনক ফলাফল আসে, তাহলে প্রোস্টেটের কিছু টিস্যু নিয়ে বায়োপসি করা হয় এবং যদি সন্দেহ করা হয় যে ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়েছে, তাহলে বোন স্ক্যান বা CT/PET স্ক্যানের মাধ্যমে মেটাস্ট্যাসিস (অন্য অঙ্গে ছড়িয়ে যাওয়া) নির্ণয় করা।

প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে ক্যান্সারের স্টেজ, রোগীর বয়স, স্বাস্থ্য পরিস্থিতি এবং কিছুটা ব্যক্তিগত পছন্দের উপর।চিকিৎসা শুরু করার পূর্বে Staging এবং রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি ক্যাটাগরি নিশ্চিত করা হয়।এর আগে বায়োপসি করা হয়।সাধারনত ট্রান্সরেক্টাল আল্ট্রাসোনো গাইডেড (TRUS) করা হয়।রিস্ক ফ্যাক্টরের মধ্যে রয়েছে লোরিস্ক ,ইন্টারমিডেয়ট রিস্ক এবং হাইরিস্ক স্টেজ বা কান্সারের অবস্থান জানার জন্য অবশ্যই স্টেজিং করা হয়। স্টেজের মধ্যে রয়েছে ১,২,৩ এবং ৪ স্টেজ।লোরিস্ক বলতে বুযায় PSA যখন ১০ এর কম থাকে, স্টেজ যখন T1 বা T2 থাকে এবং Gleason Score ৬ এর কম থাকে এসব রোগীদের এক্টিভ সারভিলেন্স বা পর্যবেক্ষন করা যেতে পারে। ৎপর্যবেক্ষখণের জন্য প্রতি ৩ মাস পর পর পরীক্ষা নিরীক্ষা করা হয় ,অথবা প্রয়োজনবোধে রেডিওথেরাপির চিকিৎসা দেয়া যেতে পারে , ইন্টারমিডেয়ট রিস্ক বলতে বুঝায় PSA ১০ থেকে ২০ এর মধ্যে , স্টেজ ২ এবং ৩ এর মধ্যে এবং Gleason score ৭।হাইরিস্ক বলতে বুঝায় PSA ২০ এর বেশী এবং স্টেজ .T3 বা T4 এবং Gleason Score ৮ থেকে ১০। এর মধ্যে যেকোনো একটি থাকলেই রিস্ক্ফ্যাক্টর হিসাবে গণ্য করা যেতে পারে।আজকাল অনেক দেশেই লোরিস্ক এবং ইন্টারমিডেয়ট রিস্ক রোগীদের অপারেশন না করে রেডিওথেরাপি নেয়ার পরামর্শ দেয়া হয় কারণ অপারেশন এবং রেডিওথেরাপি ফলাফল একই ।উপরন্ত সার্জারি করলে Incontinence of urine (অনিয়ন্ত্রিতভাবে প্রস্রাব বের হওয়া) বেশিরভাগ ক্ষেত্রেই হয় এবং যৌন সমস্যা ও পায়খানার সমস্যা হয় । সুতারং রেডিওথেরাপি এবং হরমোন থেরাপি প্রোস্টেট কান্সারের আধুনিক চিকিৎসা । অনেকে সার্জারী করেন এর মধ্যে রোবোটিক সার্জারি কম ইনভেসিভ। রেডিওথেরাপি মধ্যে রয়েছে এক্সটার্নাল বিম রেডিয়েশন এবং ব্র্যাকি থেরাপি (ইন্টারনাল রেডিয়েশন)।
এক্সটার্নাল বিম রেডিয়েশনঃ বাইরে থেকে উচ্চ-শক্তিসম্পন্ন রশ্মি প্রয়োগ করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয় এবং ব্র্যাকি থেরাপি (ইন্টারনাল রেডিয়েশন): ছোট রেডিওঅ্যাকটিভ সীড বা ইমপ্লান্ট প্রোস্টেটের মধ্যে বসানো হয়, যা ধীরে ধীরে ক্যান্সার কোষ ধ্বংস করে।প্রোস্টেট ক্যান্সারের কোষ বৃদ্ধির জন্য টেস্টোস্টেরন প্রয়োজন। হরমোন থেরাপির মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে ক্যান্সারের বৃদ্ধি কমানো হয়, GnRH (Gonadotropin-releasing hormone) এন্টাগনিস্ট ও এগোনিস্ট ব্যবহার হয়।যখন ক্যান্সার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে (মেটাস্ট্যাটিক স্টেজ), তখন কেমোথেরাপি ব্যবহৃত হয়,সাধারণত ডোসেটাক্সেল (Docetaxel) বা ক্যাবাজিটাক্সেল (Cabazitaxel) জাতীয় ওষুধ ব্যবহার করা হয়।রোগীর নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করার জন্য Sipuleucel-T (Provenge) নামক ভ্যাকসিন থেরাপি ব্যবহার করা হয়,এছাড়া পিডিএল-১ পজিটিভ ক্ষেত্রে পেমব্রোলিজুমাব নামক ইমিউন থেরাপি ব্যবহার হয়।নির্দিষ্ট জিন বা প্রোটিন টার্গেট করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। টার্গেটেড থেরাপির মাধ্যমে PARP ইনহিবিটর (Olaparib, Rucaparib) এই ধরনের চিকিৎসার উদাহরণ।
প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যদিও এটি সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয়, তবে জীবনধারা পরিবর্তনের মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব।স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা যেমন – শাকসবজি ও ফলমূল বেশি করে সেবন করা যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।প্রসেসড,লাল মাংস, ফাস্ট ফুড এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার যতদূর সম্ভব এড়িয়ে চলা,ওমেগা-৩ সমৃদ্ধ খাবার যেমন- স্যামন, সার্ডিন জাতীয় মাছ এবং বাদাম যেমন- আখরোট, চিয়া সিড গ্রহণ করা ,সবুজ চা পান,নিয়মিত শারীরিক ব্যায়াম যেমন-হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটা,ওজন নিয়ন্ত্রণে রাখা,ধূমপান ও অ্যালকোহল পরিহার করা. ৫০ বছর বয়সের পর থেকে নিয়মিত প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিং (PSA টেস্ট) করা।যাদের পরিবারে প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস রয়েছে, তাদের ৪০ বছর বয়স থেকে প্রতিবছর স্ক্রিনিং করা।পর্যাপ্ত পরিমাণ পানি পান এবং সর্বোপরি মানসিক চাপ কমানো।
লেখক : অধ্যাপক ডা. মো. দায়েম উদ্দিন, এফসিপিএস, এফআরসিপি,পিএইচডি, সিনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড, মিরপুর, ঢাকা।


