ধূমকেতু প্রতিবেদক,শেখ রাজীব হাসান, গাজীপুর : আগামী কাল দেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ১৭ বছর পর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক ভোটাধিকার প্রয়োগ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রত্যাশায় শিল্পনগরের গাজীপুর থেকে গত কয়েকদিন ধরে লাখো শ্রমজীবী মানুষ ছুটে গেছেন নিজ নিজ ভোটার এলাকায়। ফলে একদিকে বাস-ট্রেন ও মহাসড়কে ছিল উপচে পড়া ভিড়, অন্যদিকে ভোটের দিন এসে গাজীপুরের প্রধান সড়কগুলোতে দেখা গেছে অস্বাভাবিক স্বস্তির চিত্র-অনেকটাই ফাঁকা। গাজীপুর ভোগরা বাইপাস, চান্দনা চৌরাস্তা,বোর্ডবাজার,টঙ্গী, চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কয়েকদিন ধরেই ছিল যাত্রীচাপ।
উত্তরবঙ্গ, ময়মনসিংহ,ও খুলনামুখী ট্রেন -বাসগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে। জয়দেবপুর রেলস্টেশনে ছিল বাড়ি যাওয়া যাত্রীদের ভিড়। অনেক ট্রেনে ভেতরে-বাইরে এমনকি ছাদেও যাত্রী অবস্থান করতে দেখা যায়। বাস টার্মিনালগুলোতে ছিলো দীর্ঘ লাইন। অতিরিক্ত যানবাহন ও যাত্রীচাপের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে কয়েক দফা যানজটও সৃষ্টি হয়। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনকে তারা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। অনেকের ভাষ্য, দীর্ঘদিন পর ভোট দিতে পারব-এ সুযোগ হাতছাড়া করতে চাই না। ভোটের দিন যেন কোনো বাধা না আসে,সে কারণে অনেকেই আগেভাগেই কারখানা থেকে ছুটি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন।
গাজীপুরের বিপুলসংখ্যক বহিরাগত শ্রমিক কর্মরত থাকায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনচলাচলে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। শ্রমিকদের এই গণপ্রত্যাবর্তন শুধু ভোটাধিকার প্রয়োগের আগ্রহই প্রকাশ করে না, বরং জাতীয় রাজনৈতিক প্রক্রিয়ায় শ্রমজীবী জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের প্রতিফলনও ঘটায়।
ভোটের আগের দিন গাজীপুরের ব্যস্ততম সড়কগুলোতে যানবাহনের চাপ তুলনামূলক কম দেখা গেছে। কয়েকদিন আগের উপচে পড়া ভিড়ের বিপরীতে আজকের শান্ত পরিবেশ স্পষ্ট করে দেয়-অধিকাংশ শ্রমিক ইতোমধ্যেই নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছেন। এদিকে নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, সব ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, গাজীপুর থেকে শ্রমিকদের এ ব্যাপক যাত্রা কেবল জনচলাচলের পরিবর্তন নয়-এটি একটি রাজনৈতিক প্রত্যাশার প্রতিফলন। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে মানুষের মধ্যে যে আগ্রহ ও সচেতনতা তৈরি হয়েছে, তা স্পষ্ট হয়ে উঠেছে সড়ক, স্টেশন ও বাসস্ট্যান্ডের চিত্রে।
এখন সবার দৃষ্টি কাল-ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে আগামী দিনের রাজনৈতিক পথচলা।


