ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে রয়েছে একটি ফার্নিচানের দোকান, একটি ফটোকপির দোকান ও একজন পল্লী চিকিৎসকের দোকান। এসব্ব দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী জাকির হোসেন, কম্পিউটার ও ফটোকপি মেশিনের ব্যবসায়ী ফয়সাল শেখ এবং পল্লী চিকিৎসক শরিফ উদ্দিন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে স্থানীয়রা লাহিনীপাড়া এলাকার তিনটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। পরে চিৎকার চেঁচাচেচি করে সবাই ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনে কল দেয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে সব মালামালসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বাপ্পী হোসেন বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আগুন দেখে সবাই ছুটে এসে নেভানোর চেষ্টা করে। শেষ মুহূর্তে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেনের ভাই লালন হোসেন বলেন, ‘আমার ভাইয়ের দোকানে কাঠ, ফার্নিচার, যন্ত্রপাতিসহ ১৫-২০ লাখ টাকার মাল ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।’তার ভাষ্যে, তিনটি দোকানে প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা গেলেও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে।’


