ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় এক ইউপি সদস্য।
স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতলে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের নৈখট্টি গ্রামে। জানা গেছে, ওই এলাকার বাবু হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির অভিযোগে নৈখট্টি গ্রামের আব্দুল হামিদের ছেলে রেদওয়ান হোসেনকে (৩৮) স্থানীয় কতিপয় যুবক আটক করে স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদকে খবর দেয়। খবর পেয়ে ইউপি সদস্য হারুনুর রশিদ ঘটনাস্থলে এসে রেদওয়ানকে গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে।
এ সময় রেদওয়ানের বাবা মারপিটের প্রতিবাদ করলে তাকেও ওই ইউপি সদস্য অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ শারীরিক ভাবে লাঞ্ছিত করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, মারপিট করার ঘটনাটি তিনি শুনেছন। গুরুতর আহত রেদওয়ানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এবিষয়ে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। আজ বিকেলে ওই যুবককে গাছে বেঁধে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।#




