ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত অপারেশন থিয়েটার (ওটি)চালুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
শনিবার অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ সভায় তার বক্তব্যে তিনি জানান,আগামী জুন মাসের মধ্যে তার নির্বাচনী এলাকার ৩ টি উপজেলা হাসপাতালে সীমিত আকারে হলেও অপারেশন থিয়েটার চালুর প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সর্বাত্নক চেষ্টা করবেন।
সভায় স্বাগত বক্তব্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল হামিদ জানান, উপজেলা হাসপাতালে ওটি চালুর বিষয়ে তেমন জটিলতা নেই। তবে বিভাগীয় ও স্থানীয় উদ্যোগে এটি চালু করা সম্ভব। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা একেএম মাসুম, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক তারেক আব্দুল্লাহ,হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সামাদসহ গণমাধ্যমকর্মীরা।
সভায় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সপ্তাহে ৩ দিন রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া, স্বাস্থ্য উপকেন্দ্রগুলোতে সপ্তাহে ১ দিন একজন করে মেডিকেল অফিসার চিকিৎসাসেবা প্রদান করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।



