ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাটাখালী থানার বেলঘরিয়া পশ্চিমপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রতিবন্ধী বৃদ্ধাকে অমানবিক মারধরের অভিযোগ উঠেছে। হামলার শিকার ওই বৃদ্ধার নাম জাহানারা বেগম (৬৫)। তিনি স্থানীয় ইউসুফপুর ১ নং ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় প্রভাবশালী জিয়ারুল ও তার ছেলে রতনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও পুলিশি সহযোগিতা না পাওয়ার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী জাহানারা বেগম জানান, বেলঘরিয়া পশ্চিমপাড়া (ইউসুফপুর ১ নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা জিয়ারুল ও তার ছেলে রতনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে এই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। জাহানারা বেগমের অভিযোগ, সেই ঘটনার আক্রোশ থেকেই জিয়ারুল ও রতন পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।
জাহানারা বেগম বলেন: আমি একজন প্রতিবন্ধী বৃদ্ধা মানুষ, অথচ তারা একটুও দয়া দেখায়নি।”
হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা নিয়মিত তাকে ও তার পরিবারকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।
অসহায় জাহানারা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলার শিকার হওয়ার পর তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কাটাখালী থানা পুলিশের কাছ থেকে এখন পর্যন্ত আশানুরূপ কোনো সহযোগিতা পাননি।
”আমি একজন প্রতিবন্ধী হয়েও অন্যায়ের বিচার পাচ্ছি না। উল্টো হামলাকারীরা আমাকে নানাভাবে হয়রানির ভয় দেখাচ্ছে। আমি এই বর্বর হামলার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।”



