ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ২৭০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম প্রকল্পের নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ড্যামসংলগ্ন এলাকায় সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপন করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয়দের রাবার ড্যামের ওপর উঠে গোসল না করার জন্য অনুরোধ জানান।
পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর সংলগ্ন মহানন্দা নদীতে ২০২১ সালের ১১ নভেম্বর ২৭০ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণকাজ শুরু হয়।
গত বছর প্রকল্পটি চালু হয়। তবে সম্প্রতি স্থানীয়দের ড্যামের ওপর উঠে গোসল করার প্রবণতা দেখা দেওয়ায় এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।



