ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩০ মে) বেলা ১১ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর পোরশা ও সাপাহার)
আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা যুবদল নেতা কাউসারুল ইসলাম রতনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী (টিটু), আমিনুল ইসলাম (ভিপি), এ কে এম খলিলুর রহমান; সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া একই স্থানে উপজেলা বাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।



