ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর আহম্মাদী বেগম (এবি)সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন( এবিয়ান) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এবিয়ান ফুটবল ফেস্টিবল সিজন-৪।
গত কয়েক বছরের ন্যায় এবারও এ ফুটবল ফেস্টিবলের আয়োজন করা হয়। শনিবার সকালে র্যালীর মাধ্যমে এ আন্তঃ ব্যাচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক এবিয়ান এলাকার জাতীয় সংসদ সদস্য ড.মিজানুর রহমান।
এ উৎসবকে ঘিরে শনিবার সকাল থেকে প্রিয় শিক্ষাঙ্গনের মাঠে জড়ো হতে থাকে এবিয়ানরা।জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, শিক্ষা প্রতিষ্ঠান ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় প্রতিযোগীতার। একে একে ৩৪ টি দলের ১৭ টি ম্যাচের পর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের পর টুর্নামেন্টের পর্দা নামে রাতে।চুড়ান্ত খেলায় এসএসসি ২০১১ ব্যাচ ২-১ গোলে ২০০৯ ব্যাচকে পরাজিত করে এবিয়ান ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৪ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি এলাকার জাতীয় সংসদ সদস্য ড.মিজানুর রহমান বিজয়ীদলের হাতে পুরষ্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক এবিয়ান জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রভাষক আহসানউল্লাহ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন নাহিদ, সদস্য সচিব জাফর আলী টুটুলসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা।



