ধূমকেতু প্রতিবেদক,গাজীপুর : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।
কারা সূত্রে জানা যায়, আদালত থেকে আগেই তার জামিন মঞ্জুর করা হয়। বুধবার রাতে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর সেগুলো যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, বুধবার রাত ১০ টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছালে সেটি যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। পরে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা সংক্রান্ত এবং পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলা।



