ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে জমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গাহলী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এতে বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা অংশ নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ফসল নষ্ট, , বালুমহল দখল, পুকুরের মাছ লুটপাটসহ নানা ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও দাবি করেন তারা। এছাড়াও তিনি গোপন সন্ধির মাধ্যমে ফ্যাসিস্ট আ.লীগ নেতাদের কাছ অর্থ আদায় করেছেন বলেও জানান তারা। তার এসব অপকর্ম ও জুলুম নির্যাতনের বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগী হাসিনা বানু অভিযোগ করে বলেন, তার বসতবাড়ি ভেঙে নেওয়া হয়েছে এবং তাকে দেশ ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। অপর ভুক্তভোগী পরিতোষ মণ্ডল বলেন, সরকার পরিবর্তনের পর আব্দুল মতিনের অনিয়ম ও প্রভাব বিস্তার আরও বেড়েছে। তিনি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে।
মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা। তবে অভিযোগের বিষয়ে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্যের জন্য মুঠোফোনে ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়।



