ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা মালিক সমিতির সদস্যরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪৫ মিনিট ধরে চলা অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানো ও মহাসড়কে চলাচলের ওপর বিধিনিষেধ রয়েছে। এ নিয়ম বাস্তবায়নে ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় বাসমালিক গ্রুপের পক্ষে মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের দিয়ে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ বিষয়কে কেন্দ্র করে অতীতেও বাসশ্রমিক ও অটোরিকশা মালিক সমিতির সদস্যদের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস অভিযোগ করেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে অটোরিকশা চলাচল করা হলেও বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় সড়কে যাত্রী তোলাকে কেন্দ্র করে মোটরশ্রমিক ইউনিয়নের লোকজন তাকে মারধর করেন। এর প্রতিবাদে সমিতির সদস্যরা মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
সংগঠনের সভাপতি আল মামুন বলেন, মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যরা প্রায়ই অটোরিকশা চালকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। স্থানীয় সড়কে যাত্রী তুললেও তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেন। সমিতির সাধারণ সম্পাদককে মারধরের ঘটনায় সুষ্ঠু বিচার না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি সতর্ক করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মান্দা শাখার সহ-সভাপতি রুকনুজ্জামান গামা বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। এ নিয়ম অমান্য করে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, এর বেশি কিছু নয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের অবরোধ তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#



