ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরের প্রথিতযশা গণিতবিদ শিক্ষক মোঃ মোখলেছুর রহমান (বিএসসি) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার (৫ জুলাই) সকালে কলোনীপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
তিনি উপজেলা সদরের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৯৭ সালে অবসর গ্রহণ করেন।
তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সর্বসাধারণের কাছে “বড় বিএসসি স্যার” নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি ১৯৩৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে তিনি এইচএসসি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করেন। পরবর্তীতে ১৯৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে ডিস্টিংশনসহ বিএসসি. ডিগ্রি অর্জন করেন। সে সময় তাঁর এই সাফল্য ছিল অত্যন্ত গৌরবের।
১৯৬০ সালের দিকে তিনি পরিবারসহ বাংলাদেশে চলে আসেন এবং ১৯৬১ সালে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে বিএসসি. শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁর অসাধারণ মেধা, পাঠদানের দক্ষতা, শৃঙ্খলা ও নিষ্ঠা খুব দ্রুতই তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করে। তাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী আজ দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য ছাত্র, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর মহাদেবপুর হাইস্কুল মাঠে তাঁর নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।#



