ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চলতি মাসে রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি আম ব্যবসায়ীর পরিচয়ে ভাড়া নিয়ে অবস্থান করছিল তারা। স্থানীয়দের তাদের চলাফেরায় সন্দেহ হলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। তাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গোমস্তাপুর থানার ওসি নুরে আলমের নেতৃত্বে থানা পুলিশ ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম আতিকুর রহমানে যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় ৬ জনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায় । পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নাম্বারপ্লেট বিহীন একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ইমরান হোসেন (২২) (ঝিনাইদহ), সাইফুল মণ্ডল (৪০) (কুষ্টিয়া), মুন্না হাসান (১৯), আসিফ হোসেন (২১), শান্ত (২৭) ও রতন আলী (৩৫) (সকলেই পাবনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা)। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা এর আগেও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে পুলিশের দাবি। অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে একটি ২৪ ইঞ্চি বোল্ট কাটার, একটি লোহার রড, একটি লোহার হাতুড়ি, একটি দুফলা ধারালো অস্ত্র, দুটি হাঁসুয়া এবং একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপ।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



