ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানার অভিযানে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান আসামিসহ তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় গত ১ জুলাই ২০২৬ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় (১১ জুলাই)বিকেলে সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্ধ্যা ৬ টার সময় সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কে একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে ৭,০০০ (সাত হাজার) পিস হালকা কমলা/লালচে রঙের ইয়াবা ট্যাবলেট ও নীল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল, যার রেজিস্ট্রেশন নম্বর নওয়াবগঞ্জ-হ-১৩-৪৩২০ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি বহরাপাড়া গ্রামের বাসিন্দা মো. সেন্টুর ছেলে মো. আব্দুর রউফ (৪৪)। তার সঙ্গে থাকা আরও দুই অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝুলানো একটি ইজি ফ্যাশনের ব্যাগ ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। ব্যাগের ভেতরে থাকা ইয়াবার প্যাকেটগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে জব্দতালিকা প্রস্তুত করে।
জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবার সম্পূর্ণরূপে নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।



