ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সাড়ে ১২ টার সময় চাঁপাইনবাবগঞ্জের নামো শংকরবাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। ছানি রোগে আক্রান্ত উপযুক্ত রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্র (গাক), বগুড়ার সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম।
বক্তারা বলেন, সময়মতো চোখের রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।



