ধূমকেতু নিউজ ডেস্ক : বস্ত্রখাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ার পরেও আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে এ সমস্যাগুলোর সমাধানে।
এ সময় উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলেও জানান বিটিএমএ সভাপতি। সরকার আন্তরিক হলে বস্ত্রখাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।
সরকার এরই মধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে জানিয়ে শওকত আজিজ রাসেল বলেন, গঠিত কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে। সরকারের বন্ধ কারখানা চালু হলে বন্ধ এবং অর্ধ বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে খুব স্বাভাবিক এবং ত্বড়িৎ গতিতেই।
তবে এসব কারখানা চালু করতে হলে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে, সেদিকে মনোযোগী হতে হবে বলেও জানান বিটিএমএ সভাপতি।



