ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বাসের ধাক্কায় শ্যামল চন্দ্র মন্ডল (৫০) নামের এক দুধ বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা সদরের ব্র্যাক অফিস মোড়ে। নিহত শ্যামল চন্দ্র মন্ডল পত্নীতলা উপজেলার নজিপুর সদরের পলিপাড়া গ্রামের মদন মোহনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শ্যামল মোটরসাইকেলে দুধের ড্রাম নিয়ে বিক্রির উদ্দেশ্যে নজিপুর থেকে মহাদেবপুর বাজারের দিকে আসছিলেন।
এ সময় ব্র্যাক অফিস মোড়ে পৌঁছালে মহাদেবপুর থেকে নজিপুরগামী বরেন্দ্র পরিবহরের একটি বাস বামদিক থেকে ডানদিকে গিয়ে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহন হন এবং তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়া দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেছে, মরদেহ এবং দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।#


