ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার অপরাধের স্বর্গরাজ্য বলে খ্যাত রহনপুর রেলস্টেশনের পাশে গড়ে ওঠা বস্তি যা স্থানীয়ভাবে কেডিসি বা শান্তিপাড়া নামে পরিচিত তা উচ্ছেদের দাবি জানিয়েছে স্থানীয় জনসাধারণ। বৃহস্পতিবার দুপুরে রহনপুর রেলস্টেশনের ২ নং প্লাটফর্মে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এ দাবি তোলা হয়।
ওই বস্তিতে মাদক, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম হোসেন। বক্তব্য রাখেন ইউএনও জিল্লুর রহমান, ওসি নুরে আলম,ডিএনসির জেলা কার্যালয়ের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান, ১৬,বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেন, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, ট্রাক শ্রমিক নেতা রবিউল ইসলাম বাচ্চু,ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ,আম ব্যবসায়ি সমিতির সভাপতি আবু তালেব,মাদক বিরোধী সংগঠক সারোয়ার জাহান সুমনসহঅন্যরা।
এরআগে বুধবার ওই বস্তিবএকজন চিন্হিত মাদক ব্যবসায়ীকে আটকের দাবিতে স্থানীয়রা ডিএনসি সদস্যদের অবরুদ্ধ করে বাখার ঘটনার পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। রহনপুর রেলস্টেশনে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহনের আগে ইউএনও ওই এলাকার ব্যবসায়ি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয়দের অভিযোগ ,ওই বস্তির চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়িতে প্রায় প্রতিদিনই মাদকের হাট বসে। সেখানে মাদকের পাশাপাশি পতিতাবৃত্তি চালানো হয়। কখনো কখনো সেখানে পথচারীদের আটকে জোরপূর্বক ব্ল্যাকমেলিং করে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়।চলতি আম মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আম ব্যবসায়ী ও ট্রাক চালকরা প্রায় প্রতিদিনই সেখানে ঘটনার শিকার হচ্ছেন।
বুধবার দুপুরে ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা সেখানে মাদকবিরোধী অভিযান চালাতে গেলে স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রাখে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।পরে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ে যায়। সেখানে ডিএনসি,পুলিশ ও ইউএনওর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেয়া হয়।মতবিনিময় সভায় ওই বস্তিতে মাদক, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তার অভিযোগ তোলা হয়। এছাড়া,অবিলম্বে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বস্তি উচ্ছেদ করে মাদক,ছিনতাইসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানানো হয়।


