ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে দিঘিতে গোসল করতে নেমে পানিতে ডুবে তৌফিক এলাহি মেঘ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সরস্বতীপুর বাজার দিঘিতে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক এলাহি মেঘ রংপুর জেলার বীরগঞ্জ উপজেলার চকরা গ্রামের মো. আব্দুল হাকিম মিয়ার ছেলে ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা যায়, নিহত তৌফিক এলাহি মেঘের বাবা হাকিম মিয়া পল্লী শিশু ফাউন্ডেশনের চৌমাশিয়া (নওহাটা মোড়) শাখায় কর্মরত আছেন। সেখানে চাকরির সুবাদে সরস্বতীপুর বাজারের একটি বাসায় ভাড়া থাকতো। সেখান থেকে আজ সকালে তার বন্ধুদের সাথে সরস্বতীপুর স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে সে তার বন্ধুদের সাথে সরস্বতীপুর বাজার দিঘিতে দুপুরের দিকে গোসল করতে নামে।
গোসল করার এক পর্যায়ে সাঁতার না জানায় সে পানির নিচে তলিয়ে যায়। গোসল শেষে তার বন্ধুরা সবাই পাড়ে উঠে এসে দেখে সে নেই। পাশে তার জুতা পরে আছে।
এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এবং বাজারের লোকজন ছুটে এসে পানিতে নেমে তল্লাশি চালায়। এ সময় সুমন নামের একজনের পায়ের সাথে নিহতের মরদেহ স্পর্শ লাগে। তাৎক্ষণিক ভাবে তারা তাকে পানির নিচে থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



