ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা বা‘দ্য এইজ অব লংজিবিটি: রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে এক বনার্ঢ়্য র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিটির পূর্বে এঁর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি গনপতিরায় বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যে তাদের নিরাপত্তা, মর্যাদা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি। পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি সহমর্মী ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান খান তিনি বলেন, ‘প্রবীণ ব্যক্তিগণ আমাদের পরিবার ও সমাজের ভিত্তি। তাদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তাই একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।’
এসময়ে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়েরসহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রবীণ ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৯১ সাল থেকে দিবসটি পালন হয়ে আসছে। এর ঠিক এক বছর আগেই ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবছর ১ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।



