ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করে রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন সর্বস্তরের মানুষের কাছে দিন দিন প্রশংসিত হচ্ছেন।
সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা সর্বমহলে সমাদৃত হয়েছে। সম্প্রতি তারাগঞ্জ বাজারে ঘুরে বেড়ানো ‘ছফি’ নামের এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধারে বিশেষ উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে ‘গ্লোরি সমাজ কল্যাণ সংস্থা’ নামে একটি নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসনের অফিশিয়াল পেজ থেকে বিষয়টি জানানো হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ বিষয়ে ইউএনও মোনাববর হোসেন বলেন, “একটু আশ্রয় ও যত্ন একজন অসহায় মানুষের জীবনে পরিবর্তনের সূচনা করতে পারে। মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে মর্যাদা, মমতা ও যত্ন নিয়ে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”দায়িত্ব গ্রহণের পর থেকেই তারাগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা।
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ প্রসারে তিনি নিরলসভাবে কাজ করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ মানুষের জন্য ইউএনও-র দপ্তরের দরজা সব সময় খোলা থাকে। তাঁর যোগদানের পর থেকে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা এসেছে।
মানবিকতা ও দক্ষতার এই ধারা বজায় থাকলে তারাগঞ্জ দ্রুতই রংপুর জেলার অন্যতম মডেল উপজেলায় পরিণত হবে বলে মনে করছেন স্থানীয়রা।



